কক্সবাজারে আলোচিত ইকরাম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সাদ্দাম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে কক্সবাজার সদর থানার আলীরজাহাল সিটি কলেজ সংলগ্ন এলাকায় মো. ইকরাম (৪০)কে হত্যার উদ্দেশ্যে গুলি করে আসামিরা পালিয়ে যান। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল এসআরবি-১৫।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার মাটিরতলী শিকদারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি, নারী ও শিশু নির্যাতন দমন আইন, হত্যা এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
No tags found for this post.
মন্তব্য করুন