সৈয়দ জালিস মাহমুদ : খুলনার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে বাদাবন সংঘ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার কামরুজ্জামান। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার “করবো কাজ—গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থীদের গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে দেশকে সবুজায়নে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি দেশকে সমৃদ্ধশালী করতে প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করে।
বৃক্ষ বিতরণের এ মহতী উদ্যোগ গ্রহণ করায় বাদাবন সংঘকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাদাবন সংঘের পক্ষে উপস্থিত ছিলেন লিয়াজোঁ অফিসার এহসান মোরশেদ পিয়াল, প্রোগ্রাম অর্গানাইজার জয়শ্রী ও সফরুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ কুমার মণ্ডল, মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাগর ঢালী, মিসেস লতিকা রানী মণ্ডলসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্টরা।
No tags found for this post.
মন্তব্য করুন