টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের মুক্তির দাবিতে ১৯ তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
সোমবার (১৬ নভেম্বর) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম রফিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইল জেলা কারাগারে গিয়ে আটক চার সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়।
কারাবন্দি সাংবাদিকরা হলেন, এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন ও তাঁর সহকারী সানিম মিয়া, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান এবং সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির।
সাক্ষাৎ শেষে সাংবাদিক নেতারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
এর আগে প্রতিনিধি দলটি টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে চার সাংবাদিকের গ্রেপ্তারের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। পাশাপাশি সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হাসানের প্রত্যাহারের দাবিও উত্থাপন করেন সংগঠনের নেতারা।
এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র আইনজীবী আতাউর রহমান আজাদ, টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। পরদিন শনিবার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মামলার বাদী একজন বিএনপি নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতারা জানান, ১৯ তারিখের মধ্যে সাংবাদিকদের মুক্তি নিশ্চিত না হলে টাঙ্গাইলের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার সাংবাদিকদের সম্পৃক্ত করে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে। সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান।
No tags found for this post.
মন্তব্য করুন