দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ আতিক খান মিম মনু (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে দিনাজপুরের কোতোয়ালী থানাধীন কালিতলা এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পেছনে অবস্থিত পার্সেল গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার দেওয়া তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি খাকি রঙের কার্টন নিয়ে পালানোর চেষ্টাকালে ওই ব্যক্তিকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে কার্টনটি তল্লাশী করে ৬০০ পাতায় ১০টি করে মোট ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া কার্টনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট (প্রতিটি ২৫ গ্রাম), ১৮টি জয় স্যানিটারী ন্যাপকিনের প্যাকেট এবং আটক ব্যক্তির পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে একটি ক্যাশ মেমোসহ চালান কপি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা প্রতিটি ট্যাবলেটের ওজন ০.২৭ গ্রাম হিসেবে মোট ওজন দাঁড়িয়েছে ১ হাজার ৬২০ গ্রাম। এসব ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা গ্রেপ্তার ব্যক্তি স্বীকার করেছেন বলে দাবী করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের সরবরাহ করা তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর দিনাজপুর সদর থানায় দায়ের করা একটি মাদক মামলার এফআইআর ও জিআর নম্বর রয়েছে। ওই মামলায় তাঁকে এজাহারভুক্ত আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের উৎস, সরবরাহব্যবস্থা এবং সংশ্লিষ্ট নেটওয়ার্ক শনাক্ত করা জরুরী। একই সঙ্গে তদন্তের স্বচ্ছতা, আইনের যথাযথ প্রয়োগ এবং ন্যায়বিচার নিশ্চিত করার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমকে আরও কার্যকর করার প্রত্যাশা সংশ্লিষ্ট সচেতন মহলের।
No tags found for this post.
মন্তব্য করুন