কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে পৃথক অভিযানে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার দুই চালককে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান দুটি পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হোয়াইক্যং থেকে রামুগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে জ্বালানি ট্যাংকের নিচে তৈরি গোপন চেম্বার থেকে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক টেকনাফের নোয়াপাড়া গ্রামের মো. আবদুর রহমান (২৩) কে আটক করা হয়।
পরে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে একই চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পেছনের অংশে তৈরি গোপন চেম্বার থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় চালক মো. নুরু রহিম (২৫) কে আটক করা হয়। তিনি উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন হোয়াইক্যং থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন