কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মোতালেবকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগার ছড়া এলাকায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) কার্যালয়ের পাশে আবুল কালাম হোটেলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আব্দুল মোতালেব হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল হাসিম এবং মায়ের নাম নুর জাহান।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় দায়ের করা একটি মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
No tags found for this post.
মন্তব্য করুন