কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা নস্যাৎ করে পাঁচজনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের দক্ষিণ লম্বরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে, দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতি চলছে। পরে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে টহল দল লম্বরীঘাট এলাকায় ১৫ থেকে ২০ জনকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে সেটিকে ধাওয়া করে বিজিবি। একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকাটি আবার সমুদ্রের দিকে চলে যায়। এ সময় সমুদ্রতীরে অপেক্ষমাণ ৫ থেকে ১০ জন ব্যক্তি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা পাঁচজনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা তাঁদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসার কথা জানিয়েছেন বলে বিজিবি জানায়।
উদ্ধার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী এলাকার মো. জাহিদুল ইসলাম (২৫) ও মো. রাকিব হাসান (২২), কক্সবাজার সদর উপজেলার কটাখালী এলাকার মো. আব্দুল্লাহ হোসেন (৪৫), রামু উপজেলার গর্জনিয়া এলাকার মো. আব্দুল গফুর (২১) এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার আমতলী এলাকার মো. রিদুয়ান মিয়া (১৯)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, উদ্ধার পাঁচজনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন