দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির অভিযানের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক চোরাকারবারিরা।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় বিরল উপজেলার সীমান্তবর্তী স্থানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির আভিযানিক তৎপরতা বুঝতে পেরে সন্দেহভাজন মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকার সন্দেহজনক স্থানে তল্লাশী চালিয়ে ৪৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং সীমান্তকেন্দ্রিক মাদক চোরাচালানের নেটওয়ার্ক উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে বিজিবি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক পাচারের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
অপরাধীরা কৌশল পরিবর্তন করলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী ও আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা রক্ষায় ৪২ বিজিবি সর্বদা সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত, তাদের নেটওয়ার্ক চিহ্নিত এবং আইনের আওতায় আনার বিষয়টি সমানভাবে গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষা ও মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত তৎপরতা অব্যাহত থাকলে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
No tags found for this post.
মন্তব্য করুন