কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল ও জেলা ছাত্রদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। এ সময় তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দেশের শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। রাত ৮টার দিকে জেলা শহরের একরামপুর এলাকা থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রথখলা এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে শহরের আখড়া বাজার মোড় থেকে জেলা যুবদলের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। এ ছাড়া জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফের নেতৃত্বে পৃথক একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়ার নেতৃত্বে শহরের আজিম উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ থেকেও একটি মিছিল বের হয়। এর আগে দুপুরে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ শাহীনের নেতৃত্বে শহরে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে বের হওয়া এসব মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও নানা অপতৎপরতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাভাবিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। তাঁরা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। কোনো অপশক্তি যাতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা। সমাবেশ থেকে দেশের স্বার্থ, সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
No tags found for this post.
মন্তব্য করুন