মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক: দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর বিশেষ অভিযান। ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন পার্বতীপুর বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূটডাঙ্গী এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বাহিনীর সদস্যরা দায়ীত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আন্তঃসীমান্ত মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন