ফিরোজ আহম্মেদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১০৫ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপকরণ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আমতি রানী (কার্তিক হালদারের স্ত্রী) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ওয়াশের একটি অংশ নমুনা হিসেবে সংরক্ষণ করে বাকি অংশ ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের পর উপজেলার ১ নম্বর ভারশোঁ ইউনিয়নের কসবা মান্দা (ঠাকুর মান্দা) গ্রামের আমতি রানীর বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আমতি রানী ওই গ্রামের কার্তিক হালদারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশ চোলাই মদ উৎপাদনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায়। অভিযানে আমতি রানীর বসতবাড়িতে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় ২ হাজার ১০৫ লিটার ওয়াশ পাওয়া যায়। পরে জব্দ তালিকা তৈরি করে এসব আলামত জব্দ করা হয়।
জব্দ করা ওয়াশ থেকে রাসায়নিক পরীক্ষার জন্য এবং আদালতে বিচারকার্যে উপস্থাপনের উদ্দেশ্যে প্রয়োজনীয় নমুনা পৃথক বোতলে সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট ওয়াশ পচনশীল ও দুর্গন্ধযুক্ত হওয়ায় সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ধ্বংস করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আমতি রানীসহ পলাতক আরও দুই আসামির বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, চোলাই মদসহ সব ধরনের মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
No tags found for this post.
মন্তব্য করুন