ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রকাশ্যে আসার পর তার দল লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। সোমবার ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-কে এ তথ্য জানিয়েছে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকটের জোটের একটি সূত্র।
এ ঘটনাকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে আইজেনকটের জোট। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যানকে অপসারণের দাবি জানিয়েছে তারা।
বর্তমানে ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন আইজেনকট। তার জোটে রয়েছেন বিরোধী রাজনীতিক নাফতালি বেনেট, ইয়াইর গোলান ও আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলো।
কান-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেসেটের শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের পর থেকেই সমঝোতার সম্ভাবনা দুর্বল হয়ে পড়ে।
এদিকে, ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গফম্যানের যুক্তরাষ্ট্র সফরও নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রচারমাধ্যমটির তথ্য অনুযায়ী, সফরের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হলেও এ বিষয়ে আইজেনকটকে কিছু জানানো হয়নি।
এর আগে রোববার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইউনাইটেড আরব লিস্টের (রা’আম) কর্মীদের গ্রেপ্তারের জন্য নেতানিয়াহুর কার্যালয় থেকে পুলিশকে তথ্য সরবরাহ করা হয়েছিল।
তদন্তে উঠে এসেছে, তথ্যের উৎসের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের বিষয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করলেও পুলিশ সেই তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেয়। পরে জানা যায়, তথ্যের উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন সহযোগী।
চ্যানেল ১২ আরও জানায়, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন শিন বেতপ্রধান ডেভিড জিনি। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই অনুমোদন দেননি।
No tags found for this post.
মন্তব্য করুন