ফসলের আগমনী আনন্দ আর বাংলার লোকজ ঐতিহ্য ধারণ করে বগুড়ার সোনাতলায় উদযাপিত হলো ঋতুভিত্তিক নবান্ন উৎসব। ‘এসো মিলি প্রাণের উৎসবে’—এই স্লোগানকে সামনে রেখে সোনাতলা নাগরিক কমিটির আয়োজনে রংধনু শপিং সেন্টারের ছাদের উন্মুক্ত মঞ্চে দিনব্যাপী এই উৎসবের আসর বসে।
দুপুর ১টায় জাতীয় সংগীত পরিবেশনের পর প্রতীকীভাবে নতুন ধান ভানার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনাতলা নাগরিক কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রশিদ রাঙা এবং সোনাতলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
সোনাতলা নাগরিক কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তুর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য এম এম মেহেরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন ধানের ঘ্রাণ, ফসল ঘরে তোলার আনন্দ ও বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের কলাপাতায় নতুন চালের ভাত, সবজি, ভর্তা ও মাছ দিয়ে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করা হয়। এরপরই শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নবান্ন বিষয়ক আলোচনায় বক্তারা বাংলার কৃষি ও লোকজ ঐতিহ্যের নানা দিক তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন মজনু, সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব নয়ন এবং সাবিরুল ইসলাম।
সাংস্কৃতিক পর্বে বাঁশির সুর, গান, আবৃত্তি ও নৃত্যের ছন্দে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। স্থানীয় শিল্পী মিজানুর রহমান, নিপুণ কুমার মোহন্ত ও দোলনের পরিবেশনা এবং হাবিবা, নয়নতারা ও রিয়ার আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা, পায়েস, ক্ষীর, মুড়ি-মুড়কি ও মিষ্টান্ন দিয়ে অতিথি ও দর্শকদের আপ্যায়ন করা হয়। এছাড়া উৎসবস্থলে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় ধান ভানার বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়, যা শিশু-কিশোর ও অভিভাবকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
উৎসবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ইকবাল কবির লেমন, রিমন আহম্মেদ বিকাশ, মিনহাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ওমর ফারুক খান বাইতুলসহ সোনাতলা নাগরিক কমিটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব বর্তমান প্রজন্মের কিশোর-তরুণদের মাঝে বাঙালির লোকজ ঐতিহ্য জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করবে। সোনাতলা নাগরিক কমিটির মুখপাত্র সোহেল আহমেদ খান জানান, এখন থেকে প্রতিবছর অগ্রহায়ণ মাসে নিয়মিতভাবে এই নবান্ন উৎসব উদযাপন করা হবে।
No tags found for this post.
মন্তব্য করুন