বাহ্যিক চাকচিক্য নয়—সত্য, সততা, আমানতদারী ও আল্লাহভীতিই মানুষের প্রকৃত পরিচয়। প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি মৌমাছি। তাকে কেউ শেখাতে হয় না—কোন ফুলে মধু আছে, আর কোন ফুলে নেই। সে ফুলে ফুলে ঘুরে বেড়ায়, প্রয়োজনমতো মধু সংগ্রহ করে। কোনো ফুলে মধু না থাকলে সেখানে পড়ে থেকে সময় নষ্ট করে না; নীরবে অন্য ফুলের সন্ধানে চলে যায়।
মৌমাছির এই স্বভাবের মধ্যেই মানুষের জন্য লুকিয়ে আছে গভীর এক জীবনবোধ। “মৌমাছিকে বলে দিতে হয় না কোন ফুলে কতটুকু মধু আছে।” ঠিক তেমনি মানুষের জীবনেও এমন কিছু মানুষ আছেন, যাদের বাহ্যিক চাকচিক্য হয়তো খুব বেশি নয়, কিন্তু তাদের চরিত্রে রয়েছে সততার মধু, কথায় রয়েছে সত্যের সৌরভ, আচরণে রয়েছে মানবিকতার উষ্ণতা এবং অন্তরে রয়েছে আল্লাহভীতি।
আবার এমন মানুষও আছেন, যাদের বাহ্যিক পরিচয় অত্যন্ত আকর্ষণীয়; কথাবার্তায় মাধুর্য, সামাজিক পরিচিতিতে বড় অবস্থান, অর্থ-বিত্তে সমৃদ্ধি কিংবা ক্ষমতার প্রভাব—সবই রয়েছে। কিন্তু সব সুন্দর ফুলে যেমন মধু থাকে না, তেমনি বাহ্যিক পরিচয় দেখেই একজন মানুষের অন্তরের মূল্য নির্ধারণ করা যায় না। মানুষের আসল সৌন্দর্য কোথায়? একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার পোশাকে নয়, চরিত্রে।
তার প্রকৃত মর্যাদা পদ- পদবিতে নয়, সততায়।
তার প্রকৃত সম্পদ অর্থে নয়, আমানতদারীতে।
তার প্রকৃত শক্তি ক্ষমতায় নয়, অন্যায়কে প্রত্যাখ্যান করার সাহসে।
যে মানুষ একা থাকলেও সত্য কথা বলে, সুযোগ পেয়েও অন্যের অধিকার নষ্ট করে না, ক্ষমতা হাতে পেয়েও দুর্বলকে অবহেলা করে না এবং কেউ না দেখলেও অন্যায় থেকে নিজেকে বিরত রাখে—তার মধ্যেই নৈতিকতার প্রকৃত শক্তি রয়েছে। কারণ মানুষের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও নিজের বিবেককে সবসময় ফাঁকি দেওয়া যায় না। আর একজন বিশ্বাসী মানুষের কাছে এর চেয়েও বড় বাস্তবতা হলো—আল্লাহ সবকিছু দেখেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমানত তার হকদারের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং মানুষের মধ্যে বিচার করলে ন্যায়বিচার করতে বলেছেন।
(সূরা আন-নিসা: ৫৮)
এই শিক্ষা শুধু ধর্মীয় জীবনের জন্য নয়; ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় জীবনেও এর গভীর তাৎপর্য রয়েছে। সত্যবাদী মানুষ—সমাজের নীরব সম্পদ। একজন সত্যবাদী মানুষ হয়তো সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন না। তিনি নিজের ভালো কাজের প্রচারও করেন না। কিন্তু তার উপস্থিতি একটি পরিবারকে নিরাপদ করে, একটি প্রতিষ্ঠানকে বিশ্বাসযোগ্য করে এবং একটি সমাজকে নৈতিকভাবে শক্তিশালী করে। একজন সৎ ব্যবসায়ী প্রতারণার সুযোগ পেয়েও প্রতারণা করেন না। একজন দায়ীত্বশীল কর্মকর্তা অনৈতিক সুবিধার সুযোগ পেয়েও তা গ্রহণ করেন না। একজন নাগরিক নিজের স্বার্থের পাশাপাশি অন্যের অধিকারকেও গুরুত্ব দেন। আর একজন দায়ীত্বশীল সাংবাদিক তথ্য যাচাই ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করেন না।
এটাই নৈতিকতার সৌন্দর্য- এটি সবসময় উচ্চস্বরে কথা বলে না; অনেক সময় নীরব কাজের মধ্য দিয়েই নিজের পরিচয় প্রকাশ করে। মানুষ চেনার সবচেয়ে কঠিন পরীক্ষা
মানুষকে চেনা যায় তার সুখের সময়ে নয়, বরং দায়ীত্ব ও সংকটের সময়ে।ক্ষমতা পাওয়ার পর একজন মানুষ কেমন আচরণ করেন, সেটি তার চরিত্রের বড় পরীক্ষা। অর্থ হাতে আসার পর তিনি কাকে স্মরণ করেন, সেটিও একটি পরীক্ষা। দুর্বল মানুষের সঙ্গে তিনি কেমন ব্যবহার করেন, সেটিও তার নৈতিকতার পরিচয়।আর এমন সুযোগ সামনে এলে, যেখানে অন্যায় করে ব্যক্তিগত ভাবে লাভবান হওয়া সম্ভব- সেই মুহূর্তে তিনি কী সিদ্ধান্ত নেন, সেটিই হয়তো তার প্রকৃত পরিচয়ের সবচেয়ে বড় প্রমাণ।
তাই কাউকে শুধু তার কথায় নয়, তার দীর্ঘদিনের আচরণ ও কর্মের মাধ্যমে মূল্যায়ন করা প্রয়োজন। মধু না থাকলে মৌমাছি যেমন সরে যায়, মৌমাছি জানে, প্রতিটি ফুল তার প্রয়োজন মেটাতে পারবে না। তাই মধুহীন ফুল নিয়ে সে বিবাদে জড়ায় না, কাউকে ছোটও করে না। তার লক্ষ্য থাকে—যেখানে প্রয়োজনীয় মধু আছে, সেখানে পৌঁছানো। মানুষের জীবনেও এমন একটি ইতিবাচক বোধ প্রয়োজন। যেখানে সত্যের মূল্য নেই, সেখানে সত্যকে বিসর্জন দেওয়া নয়—বরং সত্যের ওপর অটল থাকা প্রয়োজন। যেখানে অন্যায়কে স্বাভাবিক করে তোলা হয়, সেখানে বিবেককে নীরব না করাই শ্রেয়। যেখানে বিশ্বাসের মর্যাদা নেই, সেখানে অন্ধ বিশ্বাসের পরিবর্তে সতর্কতা প্রয়োজন।
আর যেখানে সত্যবাদী, নীতিবান ও আল্লাহভীরু মানুষ পাওয়া যায়, তাদের মূল্যায়ন করা উচিত বাহ্যিক পরিচয়ে নয়- তাদের চরিত্রের আলোয়।
সাংবাদিকতার ক্ষেত্রেও প্রয়োজন ‘মধু চেনার’ দৃষ্টি, সাংবাদিকতা মানুষের আস্থা ও তথ্যের আমানতের সঙ্গে সরাসরি যুক্ত একটি দায়ীত্বশীল পেশা। তাই সাংবাদিকের কাছে সত্যতা, তথ্যের নির্ভুলতা, ভারসাম্য ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলেই সেটিকে চূড়ান্ত সত্য হিসেবে উপস্থাপন করা দায়ীত্বশীল সাংবাদিকতার বৈশিষ্ট্য নয়। অভিযোগের উৎস, সংশ্লিষ্ট নথি, প্রত্যক্ষ তথ্য এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য—সম্ভব হলে সবকিছু যাচাই করে পাঠকের সামনে বিষয়টি তুলে ধরা সাংবাদিকতার দায়ীত্ব।একইভাবে সত্য ও জনস্বার্থের কোনো বিষয় শুধুমাত্র প্রভাব, পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের কারণে আড়াল করাও সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাংবাদিকতার শক্তি কারও পক্ষে বা বিপক্ষে দাঁড়ানো নয়; সাংবাদিকতার শক্তি হলো সত্য ও জনস্বার্থের পক্ষে দায়ীত্বশীলভাবে দাঁড়ানো। এই জায়গাতেই একজন সাংবাদিকের পেশাগত সততা ও মর্যাদা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সব ফুলে মধু নেই, আবার মধুময় মানুষও প্রচার চান না, জীবনের পথে আমরা অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ কথায় মুগ্ধ করেন, কেউ কাজে। কেউ সামনে প্রশংসা করেন, আবার কেউ আড়ালে উপকার করেন। কেউ প্রয়োজনের সময়ে পাশে থাকেন, আবার কেউ প্রয়োজন শেষ হলে দূরে সরে যান। কিন্তু সত্যিকারের ভালো মানুষকে অনেক সময় প্রথম দেখায় চেনা যায় না। তিনি হয়তো নিজের সততার প্রচার করেন না। তিনি হয়তো নিজের উপকারের হিসাব রাখেন না। তিনি হয়তো মানুষের প্রশংসার অপেক্ষায় থাকেন না। তার পরিচয় ধীরে ধীরে প্রকাশ পায়- তার আচরণে, তার দায়ীত্ববোধে, তার প্রতিশ্রুতি রক্ষায়, তার ন্যায়বোধে এবং মানুষের প্রতি তার ব্যবহারে। তাই মানুষের মূল্যায়নে শুধু চোখের দেখা যথেষ্ট নয়; প্রয়োজন বিবেকের দৃষ্টি।
আমাদের জন্য শিক্ষা মৌমাছি ফুল থেকে শুধু মধু সংগ্রহ করে না; প্রকৃতি যেন তাকে একটি বার্তাও দিয়েছে—মূল্যবান জিনিস চিনতে জানতে হয়। আমাদেরও শেখা প্রয়োজন—চেহারা দেখে নয়, চরিত্র দেখে মানুষ চিনতে। কথা শুনে নয়, কাজ দেখে বিশ্বাস করতে।
সম্পদ দেখে নয়, সততা দেখে সম্মান করতে, ক্ষমতা দেখে নয়, ন্যায়বোধ দেখে মূল্যায়ন করতে। আর মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিতে।কারণ জীবনের শেষ বিচারে মানুষের বাহ্যিক পরিচয় নয়, তার কর্ম ও নৈতিকতার মূল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
মৌমাছি জানে কোন ফুলে মধু আছে। কিন্তু মানুষ কি জানে—তার চারপাশের কোন মানুষটির হৃদয়ে সত্য, সততা ও মানবিকতার মধু রয়েছে? হয়তো সেই মানুষটি খুব পরিচিত নন। হয়তো তার হাতে বড় কোনো পদ নেই। হয়তো তার জীবন বাহ্যিক চাকচিক্যে ভরা নয়। কিন্তু তার একটি সত্য কথা, একটি সৎ সিদ্ধান্ত, একটি আমানত রক্ষা কিংবা বিপদের সময়ে একটি মানবিক আচরণ—অনেক বড় পরিচয়ের চেয়েও মূল্যবান হতে পারে। তাই মানুষকে চিনতে হলে শুধু চোখ খুললেই হবে না-বিবেকও খুলতে হবে।
কারণ—“সব সুন্দর ফুলে মধু থাকে না; আবার সত্যিকারের মধুময় মানুষও সবসময় নিজেকে মধুময় বলে পরিচয় দেন না।” সেই মানুষদের চিনে নেওয়ার দায়ীত্ব আমাদেরই।
মন্তব্য করুন