ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তবর্তী এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব সিরাপের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত সোমবার (১৯ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যাটালিয়নের অধীন মশালগাঁও ও মিনাপুর বিওপির সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৪১২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারী আরও জোরদার করা হবে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অপরাধ দমনে চলমান তৎপরতার অংশ। সীমান্ত সুরক্ষা জোরদার, অবৈধ পণ্য পাচার প্রতিরোধ এবং সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
No tags found for this post.
মন্তব্য করুন