সৌদি আরবে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে স্থগিত করা হয়েছে ‘ফিফা ই-ফাইনাল ২০২৬’। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং সৌদি ই-স্পোর্টস ফেডারেশন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এক ঘোষণায় বিষয়টি জানানো হয়।
সূচি অনুযায়ী, ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থায় সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে আয়োজনটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিফার বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলার পরিস্থিতি পর্যালোচনা এবং প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিতে এর সম্ভাব্য প্রভাব মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিতে সহযোগিতা করায় সৌদি আরব ও দেশটির ই-স্পোর্টস ফেডারেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি। এর আগে সৌদি আরব সফলভাবে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
ফিফা জানিয়েছে, পরবর্তী সময়ে প্রতিযোগিতাটির নতুন সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এদিকে, নিরাপত্তা পরিস্থিতির কারণে চলতি সপ্তাহের শুরুতে সৌদি ফুটবল লিগের নবম রাউন্ডের তিনটি ম্যাচও স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর ও আল আহলির মধ্যকার ম্যাচটিও রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সপ্তাহান্তে রিয়াদের প্রধান বিমানবন্দরে হুতিদের হামলায় ১৪ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হন। এ ছাড়া সৌদি আরবের অন্যান্য বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার খবরও সামনে এসেছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুতি বিদ্রোহীরা। এর পর ২০১৫ সালে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পরবর্তী সময়ে সেই সমঝোতা ভেঙে যাওয়ায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আবারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
No tags found for this post.
মন্তব্য করুন