ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ নভেম্বর দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী কারিগাঁও বিওপির দায়ীত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪১৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ ও বিস্তার রোধে বিজিবির নজরদারী এবং অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্তকে মাদক কারবারিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে ব্যবহারের কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান আরও গতিশীল করা হবে।
No tags found for this post.
মন্তব্য করুন