কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন চেকপোস্টে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ধরনের ভোগান্তি বন্ধ করে শিক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উখিয়া উপজেলা ও উখিয়া কলেজ শাখা।
স্মারকলিপিতে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, উখিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত চেকপোস্টগুলোতে চলাচলের সময় সাধারণ শিক্ষার্থীদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। কোনো কারণ ছাড়াই দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা এবং তল্লাশির নামে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতসহ স্বাভাবিক চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিশেষ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পরিচালিত চেকপোস্টসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তুলে এর প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনটির নেতারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, অযথা হয়রানি বন্ধ করা এবং চেকপোস্টে দায়িত্ব পালনকারী সদস্যদের আরও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এ সময় ছাত্রদলের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।
স্মারকলিপি গ্রহণ করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ছাত্রদলের নেতারা।
স্মারকলিপি প্রদানকালে উখিয়া উপজেলা ছাত্রদল ও উখিয়া কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট এপিবিএন কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
No tags found for this post.
মন্তব্য করুন