ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে চাঁদা আদায় ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন বাইপাইল পশ্চিমপাড়ার বাচ্চু মার্কেট এলাকার মাদ্রাসাতুল ইলমি ওয়াদ্দা ওয়া মাদ্রাসা-য় গত ১৮ ও ১৯ নভেম্বর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অভিযোগকারী বাইপাইল মডেল টাউনের বাসিন্দা মোঃ আসিফ মাহমুদ (২২) অভিযোগে উল্লেখ করেন, বাইপাইল পশ্চিমপাড়ার বাচ্চু মার্কেটে সিরাজের বাড়ির ভাড়াটিয়া মোঃ আব্দুর রাজ্জাক (৩৫) মাহফিলকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি ও অস্থায়ী দোকানদারদের কাছ থেকে চাঁদা দাবি ও আদায় করেন।
অভিযোগ অনুযায়ী, ১৮ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মাহফিল স্থলের আশপাশের ১০টি অস্থায়ী দোকান থেকে বিবাদী ২০ হাজার টাকা চাঁদা আদায় করেন। অভিযোগকারীর দাবি, সংগৃহীত ওই অর্থ মাহফিল কমিটিকে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করার কারণে থানায় অভিযোগ করতে বিলম্ব হয়েছে বলে অভিযোগে জানানো হয়।
চাঁদা আদায় ও আত্মসাতের এ অভিযোগ ছড়িয়ে পড়লে মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মহিউদ্দিন আজাদ বলেন, “অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে পরবর্তী তথ্য জানানো হবে।”
No tags found for this post.
মন্তব্য করুন