সীমান্তবর্তী এলাকার বেকারযুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ২০ জন যুবককে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’, সনদপত্র এবং প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ১০টায় ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্টি ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই সমাপনী ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ইলেকট্রিক টুলস তুলে দেন বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার পুনট্টি ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্তবর্তী এলাকার ২০ জন বেকার যুবককে নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, “‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বর্তমান বিজিবি মহাপরিচালকের এই ঘোষণা বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর। তাই বিজিবির প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকার নিষ্ক্রিয় ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস প্রদান করা হয়েছে, যাতে তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারে। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে।” এছাড়াও বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি), ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান (পিবিজিএমএস), চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ ।
চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী, ১০ নং পুনট্টি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ চাঁন মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন