বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিবের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের কর্মসংস্থানের ব্যবস্থা করে মানবিক উদ্যোগ নিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে এক অনুষ্ঠানে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।
ইয়াসমিন খাতুন বগুড়া সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। সন্তানকে হারিয়ে পরিবারটি বর্তমানে গভীর শোক ও অসহায়ত্বের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
এমন পরিস্থিতিতে নিহত গালিবের পরিবারের আর্থিক সহায়তা এবং তাঁর মায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বগুড়া সিটি কর্পোরেশন এ উদ্যোগ গ্রহণ করে।
এ বিষয়ে সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, “নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তাঁর মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি কর্পোরেশন থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান।
শোকাহত একটি পরিবারের পাশে দাঁড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় স্থানীয়ভাবে এ উদ্যোগকে মানবিক সহায়তার দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
No tags found for this post.
মন্তব্য করুন