প্রয়াত দাদা মরহুম শফিউল্লাহর লালিত স্বপ্ন পূরণ করে চিকিৎসাশাস্ত্রে মর্যাদাপূর্ণ এমবিবিএস ডিগ্রি অর্জন করলেন নাতনি জান্নাতুল মাঈশা। অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি দাদার সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিয়েছেন। তাঁর এই সাফল্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামে বইছে আনন্দের জোয়ার।
জানা যায়, ভাঙ্গাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুহাম্মদ নুরুল হক ও সোনারা বেগমের সুযোগ্য কন্যা জান্নাতুল মাঈশা সিলেটস্থ পার্কভিউ মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে এমবিবিএস স্নাতক সম্পন্ন করেন। প্রয়াত দাদা শফিউল্লাহর আন্তরিক প্রত্যাশা ছিল পরিবারের কেউ একজন চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করবেন। দাদার সেই গভীর স্বপ্নকে হৃদয়ে ধারণ করে আজ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলেন জান্নাতুল মাঈশা। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নাতনির এই গৌরবোজ্জ্বল অর্জনে পরিবারের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়। আপ্যায়ন শেষে পরিবারের সদস্যরা জান্নাতুল মাঈশাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন।
জান্নাতুল মাঈশার এই কৃতিত্বে পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এ সময় স্বজনরা প্রয়াত দাদা শফিউল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং নাতনির উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও একজন মানবিক চিকিৎসক হিসেবে আর্তমানবতার সেবায় নিজেকে নিবেদিত করার শুভকামনা জানান। হৃদ্যতাপূর্ণ এই শুভেচ্ছা বিনিময় ও আনন্দঘন আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হক, আব্দুর রহিম, আব্দুল করিম, শাহজাহান, আব্দুর রহমান, বড় ভাই কাউসার আহমেদ, রাহাত, কামরুল ও ফুফু সুফিয়া প্রমুখ।
No tags found for this post.
মন্তব্য করুন