সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে প্রতারণা মামলার এজাহারভুক্ত মোহাম্মদ সিদ্দিক (৩৫) নামে এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/২ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ এপিবিএনের উনচিপ্রাং ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় এসআই শাহীনুর ইসলামের নেতৃত্বে রাত্রীকালীন টহল দলের সদস্যরা ক্যাম্প-২২-এর সি ব্লকে অভিযান পরিচালনা করেন। এ সময় সি/২ ব্লকের নিজ বসতঘর থেকে মোহাম্মদ সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ সিদ্দিক ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/০২ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ হোসেন এবং মায়ের নাম ছেমন খাতুন।
এপিবিএন জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় গত ১৮ সেপ্টেম্বর একটি মামলা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৮৫ এবং বার্ষিক নম্বর ৮০৩।
পরে গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এপিবিএনের স্কটের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন