বগুড়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের উদ্যোগে গ্রাহক ও ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বড়গোলা এলাকার আলহাজ গফুর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বগুড়া জোনাল অফিসে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশে জীবন বীমার প্রয়োজনীয়তা, পারিবারিক আর্থিক নিরাপত্তা, গ্রাহকসেবা এবং বীমার মেয়াদ শেষে মুনাফাসহ অর্থ প্রাপ্তির অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাইবার দলের সোনাতলা উপজেলা কমিটির সভাপতি ও বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মফিজ-উর-রহমান (ছোটন)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি নিজের জীবন বীমা করার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে বীমা করেছিলেন এবং নির্ধারিত মেয়াদ শেষে মুনাফাসহ অর্থ পেয়েছেন। তাঁর মতে, দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির কার্যালয় ও কার্যক্রম রয়েছে। তিনি জীবন বীমাকে পরিবারের আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনায় আহত হলে কিংবা মৃত্যুবরণ করলে পরিবারের সদস্যরা আর্থিক সংকটে পড়তে পারেন। এ ধরনের অনিশ্চিত পরিস্থিতিতে জীবন বীমা পরিবারের পাশে দাঁড়াতে পারে। বীমার নির্ধারিত শর্ত অনুযায়ী প্রিমিয়াম জমা ও সুবিধা পাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে প্রত্যেকের বীমা সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজসেবক ও করপোরেট ব্যক্তিত্ব শফিউর রহমান রকি তাঁর পরিবারের বীমাসংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি জানান, তাঁর স্ত্রী মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে একটি বীমা পলিসি গ্রহণ করেছিলেন। পলিসির মেয়াদ শেষ হওয়ার পর পাওনা অর্থ ও মুনাফা প্রদানের বিষয়ে প্রতিষ্ঠানের কর্মীরা তাঁদের গ্রামের বাড়ির ঠিকানায় যোগাযোগের চেষ্টা করেন। পরে বাড়ির তত্ত্বাবধায়কের মাধ্যমে বগুড়া শহরের ঠিকানা সংগ্রহ করে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। একপর্যায়ে তাঁরা প্রাপ্য অর্থ বুঝে পান বলে তিনি জানান।
শফিউর রহমান রকি বলেন, গ্রাহকের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগ বজায় রাখা এবং বীমার মেয়াদ শেষে প্রাপ্য অর্থ যথাযথভাবে বুঝিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীমা খাতে গ্রাহকের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও প্রতিশ্রুতি রক্ষা করা প্রয়োজন।
সমাবেশে বক্তব্য দেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জেনারেল ম্যানেজার ও রাজশাহী-রংপুর বিভাগের এরিয়া ইনচার্জ রোটারিয়ান মো. শাহীন কাদির, পিএইচএফ; বগুড়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোছা. নাজনীন সুলতানা (জলি) এবং শাখা ব্যবস্থাপক মো. জয়নাল আবেদিন।
বক্তারা জীবন বীমার গুরুত্ব, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ, আর্থিক নিরাপত্তা এবং বীমা সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা গ্রাহকদের বীমা পলিসির শর্তাবলি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ইসলামী বীমা (তাকাফুল) ডিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন