বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস চিংড়ি শিল্প। আর এই শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা। গলদা ও বাগদা চিংড়ি চাষের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন সম্ভাবনা হয়ে উঠেছে ভেনামি চিংড়ি চাষ। তবে উৎপাদন বাড়ানোর বিপুল সম্ভাবনা থাকলেও বিদ্যুতের উচ্চমূল্য ও সংযোগ প্রাপ্তির জটিলতায় চ্যালেঞ্জের মুখে পড়ছেন চিংড়ি চাষিরা।
চাষিদের এই সমস্যা নিরসনে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহ এবং সহজে সংযোগ পাওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরেছেন কানাডা বিএনপির সহ-সভাপতি সৈয়দ আমিনুল ইসলাম মুকুল।
সম্প্রতি দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লায় নিজ গ্রামের বাড়িতে আসেন তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রামবাসী এবং চিংড়ি চাষিদের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে আধুনিক প্রযুক্তিতে চিংড়ি চাষের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
আলোচনায় মুঠোফোনে যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি মৎস্য চাষে বাগেরহাট জেলার গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং মৎস্য খাতের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত প্রণোদনা ও পরিকল্পনার বিষয় তুলে ধরেন।
এ সময় চিংড়ি চাষিরা তাঁদের প্রধান সমস্যা হিসেবে চিংড়ির পোনার(রেনুপোনা) সংকট,মৎস্য খাদ্যের অধিক মূল্য,জলাবদ্ধতা সহ বিদ্যুতের উচ্চমূল্য, সংযোগ পেতে জটিলতা এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবের কথা তুলে ধরেন। তাঁরা সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ এবং সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
তারই প্রেক্ষিতে সৈয়দ আমিনুল ইসলাম মুকুল বিষয়টি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে উত্থাপনের আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় রবিবার (২২ নভেম্বর) বিকালে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. জিয়াউল হক এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৈয়দ আমিনুল ইসলাম মুকুল।
এ সময় বাগেরহাটের চিংড়ি চাষিদের জন্য সহজ পদ্ধতিতে বিদ্যুৎ সংযোগ প্রদান এবং সরকারি প্রণোদনার আওতায় সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সভায় প্রস্তাব উপস্থাপনের আশ্বাস দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। বিশেষ করে ভেনামি চিংড়ি চাষে তুলনামূলক বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রচলিত গলদা ও বাগদা চাষের তুলনায় ভেনামি চিংড়ি চাষে প্রতি একরে প্রায় ১ হাজার ২০০ কেজি পর্যন্ত উৎপাদনের সম্ভাবনার কথা জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে চাহিদা, তুলনামূলক বেশি বাজারমূল্য এবং কম সময়ে উৎপাদনের সুযোগ থাকায় এ চাষে আগ্রহী হচ্ছেন অনেক উদ্যোক্তা।
তবে ইন্টেনসিভ ও সেমি-ইন্টেনসিভ পদ্ধতিতে অধিক ঘনত্বে চিংড়ি চাষের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিতে পর্যাপ্ত অক্সিজেন বজায় রাখতে নিয়মিত এয়ারেটর চালানো, ঘেরের পানি ওঠানো-নামানোর জন্য সাবমার্সিবল পাম্প ব্যবহার এবং রাতে নিরাপত্তা ও নজরদারির জন্য ঘেরের চারপাশে আলোর ব্যবস্থা করতে হয়। এসব কার্যক্রম পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিকল্প নেই।
চাষিদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকলে জেনারেটরের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। ফলে অনেক উদ্যোক্তা দূরদূরান্ত থেকে বৈদ্যুতিক খুঁটি ও তার টেনে বিপুল অর্থ ব্যয় করে সংযোগ নিতে বাধ্য হচ্ছেন। এরপরও তাঁদের গুনতে হচ্ছে তুলনামূলক বেশি বিদ্যুৎ বিল।
চাষিদের দাবি, বিদ্যুতের প্রচলিত মূল্য কাঠামোতেও রয়েছে বৈষম্য। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প সংযোগে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১২ টাকা ৭৩ পয়সা। অন্যদিকে আবাসিক সাধারণ গ্রাহকের প্রথম স্লাবে প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৭৩ পয়সা। সেচ সংযোগে সরকার আরও ৩০ শতাংশ প্রণোদনা বা ভর্তুকি দিয়ে থাকে। অথচ দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের উৎস চিংড়ি শিল্পে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে এ ধরনের বিশেষ সুবিধা না থাকায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে বলে অভিযোগ চাষিদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩২৩-এর সংসদ সদস্য এলিজা জামান এবং দৈনিক খোলা বাজারের সম্পাদক ও প্রকাশক মো. জহিরুল ইসলাম কলিম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চিংড়ি চাষিদের সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ এবং সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি বাড়বে চিংড়ির উৎপাদন। একই সঙ্গে শক্তিশালী হবে দেশের রপ্তানিমুখী মৎস্য খাত, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এবং উন্মোচিত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের আরও বড় সম্ভাবনা।
No tags found for this post.
মন্তব্য করুন