সেন্টমার্টিন দ্বীপের উত্তর দিকে সমুদ্রে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, বিপন্নপ্রায় হাঙর ও ১০টি শাপলাপাতা মাছসহ ২০ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বোটটির প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’ বিশেষ অভিযান চালায়। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর, শাপলাপাতা মাছসহ বিভিন্ন বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণ ব্যাহত হচ্ছে।
পরে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়। অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। তবে হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সামুদ্রিক পরিবেশ, বিপন্নপ্রায় প্রাণী ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন