কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া এলাকায় নাফ নদীসংলগ্ন ঝাউবনে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিয়াজ (২৯) ও মো. জাবের (৩২)। রিয়াজ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৭-এর সি ব্লকের বাসিন্দা এবং জাবের জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি ব্লকের বাসিন্দা।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।
No tags found for this post.
মন্তব্য করুন