গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এ সমাবেশে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণা করায় প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রী ও মজুরি বোর্ডের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সমাবেশে বক্তারা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও শিল্পাঞ্চলে শ্রমিকবান্ধব পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এ সময় আরও বক্তব্য দেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন এবং পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক সামছুল আলম সরকারসহ স্থানীয় শ্রমিক নেতারা।
সমাবেশে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
No tags found for this post.
মন্তব্য করুন